'কমিটির দল' মন্তব্যে বিরক্ত স্ক্যালোনি, দুষলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে
কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও সেই বিতর্কের মুখোমুখি হতে হয় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনিকে।
মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক স্ক্যালোনিকে প্রশ্ন করেন, আর্জেন্টিনা কি সত্যিই ‘কমিটির দল’ হিসেবে বিশেষ সুবিধা পাচ্ছে? এমন প্রশ্নের জবাবে বেশ বিরক্তি প্রকাশ করেন স্ক্যালোনি।
তিনি জানান, এসব বিতর্ক থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্ব না দেওয়া। তার মতে, ‘সোশ্যাল মিডিয়া না দেখলেই এসব বিষয় চোখে পড়বে না। তাহলে অপ্রয়োজনীয় বিতর্ক নিয়েও ভাবতে হবে না।’
এ সময় ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ। তিনি জানান, বর্তমানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে যেকোনো কিছু প্রকাশ করতে পারে, আর মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাই এমন গুজব বা অভিযোগকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
আর্জেন্টিনা কোচ জোর দিয়ে জানান, দলীয় অর্জন কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। তার মতে, দলের প্রতিটি সদস্য অধিনায়ক থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত সাফল্যের পেছনে সমানভাবে অবদান রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিক স্বীকার করলেও এর নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন স্ক্যালোনি। তিনি জানান, ভালো দিকের পাশাপাশি এখানে ভিত্তিহীন তথ্যও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব সমালোচনা বা গুঞ্জনে আর্জেন্টিনা দল কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি।
পি/ডি