বিনোদন

মেসিকে ‘লুজার’ বলে বিতর্কে গওহর খান

ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের অভিনেত্রী ও মডেল গওহর খান। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ‘লুজার’ এবং ‘বড়মাপের অভিনেতা’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে মিশরের বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা তিন গোল দিয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন গওহর খান। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘মেসি নয়, যেন মেসি (যার অর্থ নোংরা বা বিশৃঙ্খল)।  কী ভয়ংকর লুজার! একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।’ তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গওহর যে ভিডিওটি শেয়ার করেছিলেন, সেখানে আর্জেন্টিনা-মিশর ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলোর একটি’ বলে দাবি করা হয়। ম্যাচের শেষ দিকে রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং মাঠের কিছু ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় অনেক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

তবে সব বিতর্ক পাশ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এদিকে গওহর খানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকেই মেসির পক্ষ নিয়ে পাল্টা সমালোচনায় সরব হয়েছেন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন