গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৮, আহত ১৭
অবরুদ্ধ গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। এ নিয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ১১৮ জনে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপত্যকাটিতে হামলা অব্যাহত রয়েছে। অব্যাহত গোলাবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে পৌঁছাতে পারছেন না।
মন্ত্রণালয়ের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও গুলি চালিয়ে ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে তা লঙ্ঘন করে চলেছে।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পশ্চিমে বাতন আল-সামিন এলাকায় একটি বাড়ির আঙিনায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতদের মরদেহ নাসের হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৯২ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেব বলছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজার ১১৮ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন। এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এমএ//