আওয়ামী লীগের দাফন দিল্লিতেই হয়ে গেছে : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির পক্ষে অবস্থান নিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগের দাফন দিল্লিতেই হয়ে গেছে। তাদের পতন ঘটেছে। এখন দেশের জনগণকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।”
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে দালালতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা জরুরি। সাধারণ মানুষ যেন সরকারি সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য না হন, সেই পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারজিস বলেন, শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে অভিযোগ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারেও রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বিএনপির প্রসঙ্গ উল্লেখ করে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই তাদের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের অধিকার পান না। তিনি জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হলেও তার পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও মন্তব্য করেন এ এনসিপি নেতা।
এ সময় শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের নয়, বরং দেশের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
পি/ডি