টিকিটের পর এবার মাঠের ঘাসেও ফিফার বাণিজ্য!
বিশ্বকাপের ফাইনাল মানেই ইতিহাসের জন্ম। সেই ইতিহাসের সাক্ষী হতে লাখো ফুটবলপ্রেমীর স্বপ্ন থাকে গ্যালারিতে বসে খেলা দেখার। কিন্তু সবার সেই সুযোগ হয় না। এবার সেই আবেগকে অন্যভাবে ছুঁয়ে দেখার সুযোগ করে দিয়েছে ফিফা। ম্যাচের টিকিটের পর এবার বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। আর সেই ম্যাচ শেষে মাঠ থেকে সংগ্রহ করা আসল ঘাসের টুকরো স্মারক হিসেবে বিক্রি করবে ফিফা। প্রতিটির মূল্য ধরা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা।
ফিফার আনুষ্ঠানিক অনলাইন স্টোরে স্মারকটির নাম রাখা হয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ পিস অব দ্য পিচ’। তবে এটি সাধারণ কোনো ঘাসের টুকরো নয়। মাঠ থেকে সংগ্রহ করা আসল ঘাস একটি স্বচ্ছ অ্যাক্রিলিক ব্লকের ভেতরে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। এর সঙ্গে থাকবে একটি বিশেষ ইউএসবি স্মারক, সত্যতা নিশ্চিতকারী প্রমাণপত্র এবং আকর্ষণীয় একটি সংরক্ষণ বাক্স।
ফিফার দাবি, এটি শুধু একটি স্মারক নয় বরং ফুটবল ইতিহাসের একটি বাস্তব অংশ নিজের সংগ্রহে রাখার সুযোগ। বিশেষ করে সংগ্রাহক এবং বিশ্বকাপপ্রেমীদের জন্যই তৈরি করা হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।
তবে পণ্যটি প্রকাশের পরই তৈরি হয়েছে নতুন আলোচনা। ফিফার ওয়েবসাইটে স্মারকটির মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫ উল্লেখ করা হলেও সেটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—তা স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এ মুহূর্তে স্মারকটি শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় সরবরাহ করা হবে। ফাইনাল শেষ হওয়ার আগে এটি কোনো ক্রেতার হাতে পৌঁছাবে না। ইতোমধ্যেই ফিফার অনলাইন স্টোরে পণ্যটি ‘সোল্ড আউট’ বা বিক্রি শেষ হিসেবে দেখানো হচ্ছে।
বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে যখন সমালোচনা চলছে, তখন মাঠের ঘাস বিক্রির উদ্যোগও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাধারণ শ্রেণির ফাইনাল টিকিটের সর্বোচ্চ মূল্য ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা। আর খাবার-পানীয়সহ বিশেষ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম পৌঁছেছে ৩৪ হাজার ৫০০ ডলারে।
মজার বিষয় হলো, যে মাঠের ঘাস এখন বিক্রি হচ্ছে, সেই মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়েই পুরো বিশ্বকাপজুড়ে ছিল আলোচনা। নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের এনএফএল ম্যাচে সাধারণত কৃত্রিম টার্ফ ব্যবহৃত হলেও বিশ্বকাপের জন্য সেখানে প্রাকৃতিক ঘাস বসানো হয়। কিন্তু মাঠের মান নিয়ে বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন একাধিক খেলোয়াড় ও কোচ।
সমালোচিত সেই ঘাসই এখন রূপ নিয়েছে মূল্যবান স্মারকে। কারও কাছে এটি কেবল এক টুকরো ঘাস, আবার কারও কাছে বিশ্বকাপ ফাইনালের অবিস্মরণীয় স্মৃতি। ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগের দাম ৪৫০ ডলার—কিন্তু একজন ফুটবলপ্রেমীর কাছে এর মূল্য হয়তো টাকায় মাপা সম্ভব নয়।
এসি//