বন্ধুত্বের টানে আর্জেন্টিনাকেই ফাইনালে চান স্পেন কোচ
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সেমিফাইনালের জয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সামনে উঠে আসে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন। আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড—কাকে সামনে পেতে চান তিনি?
জবাব দিতে একটুও দ্বিধা করেননি স্পেনের এই কোচ।
ব্যক্তিগত সম্পর্কের কারণে ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান বলে জানান দে লা ফুয়েন্তে। তবে সেটি কোনোভাবেই প্রতিপক্ষকে সহজ মনে করার কারণে নয়। বরং ইংল্যান্ডের শক্তিমত্তার কথাও আলাদাভাবে তুলে ধরেছেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকায় আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ এবং যে দলই ফাইনালে উঠুক, তাদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে।
দে লা ফুয়েন্তে ও স্কালোনির সম্পর্কের শুরু অনেক আগের। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে দে লা ফুয়েন্তের ছাত্র ছিলেন বর্তমান আর্জেন্টিনা কোচ। সেই সময় থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি কোচ হিসেবে স্কালোনির পথচলার শুরুতেও বিভিন্নভাবে পাশে ছিলেন স্পেনের বর্তমান এই কোচ।

তবে বন্ধুত্বের আবেগের মাঝেও ইংল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দে লা ফুয়েন্তে। বিশ্বকাপ শুরুর আগেই থমাস টুখেলের দলকে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন তিনি।
তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালটিও মানের দিক থেকে একটি ফাইনালের সমান।
বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করেছেন স্কালোনিও।
স্পেন ফাইনালে ওঠার পর তিনি জানান, দে লা ফুয়েন্তের সাফল্যে তিনি ভীষণ আনন্দিত। স্প্যানিশ কোচকে একজন অসাধারণ মানুষ উল্লেখ করে স্কালোনি স্মরণ করেন, নিজের কোচিং ক্যারিয়ারের শুরুর সময়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলেন।
ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির বিশ্ব রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। এখন দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে তাদের শেষ বাধা হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।
দে লা ফুয়েন্তের ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হবে কি না, তার উত্তর মিলবে আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের পর।
এসি//