‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন: আমির খান
বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এ নিজের অভিনীত চরিত্র 'ফুংসুখ ওয়াংডু'কে শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক থেকে অনুপ্রাণিত বলে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা সরাসরি নাকচ করেছেন আমির খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে বিএফআই সাউথব্যাঙ্কে আয়োজিত ‘বিএফআই ইন কনভারসেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, ছবির পরিচালক রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজাত জোশি কিংবা তিনি নিজে—কেউই সিনেমাটি নির্মাণের সময় সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না।
সম্প্রতি ছবিতে ‘চাতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ফুনসুখ ওয়াংডু চরিত্রটির সঙ্গে সোনম ওয়াংচুকের মিলের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত ওয়াংচুকের শারীরিক অবস্থার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এ প্রসঙ্গে আমির খান জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং ওমি বৈদ্য ভুল তথ্য দিয়েছেন।
তিনি বলেন, হয়তো ওমি এমনটাই ভেবেছেন, কিন্তু বাস্তবে তাদের কারও কাছে তখন সোনম ওয়াংচুক পরিচিত ছিলেন না।
তবে সোনম ওয়াংচুকের কাজের প্রশংসা করে আমির বলেন, তিনি গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং তার প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে। তবে সেই সম্মান জানাতে ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রটি তাঁর জীবন থেকে নেওয়া—এমন দাবি করার প্রয়োজন নেই।
ওয়াংচুকের চলমান অনশন প্রসঙ্গে আমির খান বলেন, তার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতির ইতিবাচক সমাধান হবে এবং ওয়াংচুক নিরাপদে অনশন প্রত্যাহার করতে পারবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএ//