আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তীব্র অস্থিরতা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত ভয়াবহ রূপ নেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের টানা নয় দিনের হামলা এবং জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাটিতে তেহরানের পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এর সরাসরি প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় লাফিয়ে বাড়ছে তেলের দাম।

সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি বেড়ে গেছে

এদিন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

রয়টার্স জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার (৩.০৫ শতাংশ) বেড়ে ৯০.৭৯ ডলারে পৌঁছেছে।যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। উল্লেখ্য, গত সপ্তাহেই ব্রেন্টের দর ১৫.৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.১৯ ডলার (২.৬৫ শতাংশ) বেড়ে ৮৪.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এটিও ১২ জুনের পর সর্বোচ্চ দর। এর আগের সপ্তাহে ডব্লিউটিআই-এর দাম বাড়ে ১৫.৫ শতাংশ, যা গত মার্চ থেকে ধরলে সবচেয়ে বেশি

সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই সমুদ্রপথে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ ও হামলা জোরদার করেছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ প্রতিষ্ঠা করেছে। অপরদিকে হরমুজ প্রণালীতে নিয়ম না মানা জাহাজগুলোকে নিশানা বানানোর ঘোষণা দিয়েছে তেহরান।

উল্লেখ্য, বিশ্বজুড়ে তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশই পরিচালিত হয় এই কৌশলগত প্রণালী দিয়ে। এর মাঝেই সোমবার ভোরে ওমানের কুমজার উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি। 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন