উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে তিস্তা, ঝুঁকিতে নিম্নাঞ্চল
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি এখন বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার। সেখানে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
পানির উচ্চতা বাড়তে থাকায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও বন্যার ঝুঁকিতে রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, সোমবার সকাল ৮টার হিসাবে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
এসি//