দেশজুড়ে

স্কুল ফিডিংয়ের রুটির ভেতরে ব্লেড, তদন্ত কমিটি গঠন

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর জন্য দেয়া বনরুটিতে আস্ত ব্লেড পাওয়া গেছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এ কমিটি গঠনের কথা নিশ্চিত করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

তিনি বলেন, ‘কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে আস্ত ব্লেড ঢুকেছে, তা জানতে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়,  আজ দুপুরে প্রথম শ্রেণির সব শিক্ষার্থীকে বনরুটি ও ডিম দেওয়া হয়। রুটি পেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ মাঝখান থেকে রুটি দুই ভাগ করে ফেলে । সঙ্গে সঙ্গে ভেতরে বেরিয়ে আসে ধারালো একটি আস্ত ব্লেড। বিষয়টি আলমতাজ সহপাঠীদের দেখায়। পরে প্রধান শিক্ষিকাকে  বিষয়টি জানান তারা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, ‘শিশুশিক্ষার্থীদের টিফিনের বনরুটি দেওয়া হয়। এর মধ্যে একটি রুটিতে ধারালো ব্লেড পাওয়া গেছে। প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ খাওয়ার আগে তার রুটির মধ্যে ব্লেড দেখে আমার কাছে নিয়ে আসে। এরপর শিশুদেরকে রুটি খাওয়ার আগে তা ছিঁড়ে দেখে তারপর খাওয়ার জন্য বলা হয়েছে।

ঘটনার পর থেকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন