আন্তর্জাতিক

‘ছাত্রশক্তির জয় হোক’: ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছে সদ্য গঠিত ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি লিখেছে, "ছাত্রশক্তির জয় হোক।"

নিট-ইউজি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহির দাবিতে গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপির সদস্যরা। এদিকে কেন্দ্রের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের এক্স অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সাংসদ ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের ঘোষণায় তিনি বলেন, শুরু থেকেই পুরো ঘটনার দায়িত্ব তিনি নিয়েছেন এবং কোনো সময়ই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। তার লক্ষ্য ছিল, তথাকথিত ‘পরীক্ষা মাফিয়া’র কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার না হয়।

তিনি আরও জানান, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নিট-ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কারণে স্থগিত করা হয়। পরে পরীক্ষাটি পুনর্নির্ধারণ করে ২১ জুন অনুষ্ঠিত হয়।

ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারতের গণতন্ত্রের শক্তি এবং দেশের তরুণদের স্বপ্ন, আশা ও প্রত্যাশার ওপর তার আস্থা সবসময় অটুট ছিল। তার মতে, তরুণরাই শুধু দেশের ভবিষ্যৎ নয়, বরং নতুন ও উন্নত ভারত গঠনের পথপ্রদর্শক, নির্মাতা ও রূপকার। তিনি উল্লেখ করেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে মর্মাহত করেছে। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি তিনি কখনোই ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেননি।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন