আন্তর্জাতিক

জিহাদ ছাড়া আর কোনো পথ খোলা নেই: মোজতবা খামেনি

লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষাকে ইরানের কৌশলগত দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ‘জিহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

তিনি হিজবুল্লাহর ধৈর্য, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করে সংগঠনটিকে প্রতিরোধ সংগ্রামের সামনের সারির এক অবিচল শক্তি হিসেবে উল্লেখ করেন।

খামেনি আরও বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাই যুদ্ধবিরতির প্রধান শর্ত। এর আগে সে ধরনের কোনো সমঝোতার সুযোগ নেই বলেও তিনি ইঙ্গিত দেন।

এ সময় লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের ধৈর্যের প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। পাশাপাশি সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং এ লড়াইয়ে নিহত অন্যান্য কমান্ডারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

খামেনির মতে, হিজবুল্লাহ একটি সাধারণ সংগঠন থেকে মুসলিম বিশ্বের গর্বে পরিণত হয়েছে।

অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে লেবানন-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আলোচনায় লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার, ইরান-সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, লেবাননের সশস্ত্র বাহিনীকে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে মার্কিন বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন