শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম
এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দাবি করেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে হল দখল, আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। এটি রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা।"
তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীদের সঙ্গে কোনও সংঘাতে জড়াবেন না। সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, তাই সবকিছু দখল করবে। শেখ হাসিনাও এমনটাই ভেবেছিলেন। এর পরিণতি দেশ দেখেছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের অবদানের স্বীকৃতি ও যথাযথ ডকুমেন্টেশন প্রয়োজন। কিন্তু এ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ প্রমুখ।
আই/এ