রাজনীতি

সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন সাহেব মতামত চাওয়ার কে : নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন আহমেদ মতামত চেয়েছেন। সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের কোনও মতামত দেওয়ার কিছু নাই। উনি কে মতামত চাওয়ার। তারা এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলছে, কিন্তু আলোচনা কিন্তু অনেক আগে নির্বাচনের আগেই আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে নতুন করে আর কোনও আলোচনার কিছু নাই।

রোববার (১ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, এখন হচ্ছে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের সময়, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানকে সংস্কার করতে হবে।  এর অন্যথা কোনও কিছু হলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না। বাংলাদেশের বিরোধী দল সেটা মানবে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম, শ্রমিকরা সেটা মানবে না।

তিনি বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতেছে ঋণের জন্য। কিন্তু সরকার সরকারকে কেউ বিশ্বাসও করছে না, ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধু রাষ্ট্র জাপান বাংলাদেশে ইনভেস্ট করেছে অতীতেও। কিন্তু এই মাতার বাড়ি নিয়ে সরকার জাপানের সাথে কী কী চুক্তি করছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোন ধরনের ধোঁয়াশা না রেখে সংসদে আলোচনা ব্যতীত আমরা বাংলাদেশে কোনও জাতীয় চুক্তি পাশ করতে দেবো না। এই চুক্তিতে ভারতকে কোনও ধরনের অবৈধ করিডরের ট্রানজিটের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, ইনশল্লাহ।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে কোনও করিডর হবে না। কোনও ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় কোনও চ্যানেল বাংলাদেশে চলবে না।

বিরোধী দলীয় চীফ হুইপ বলেন,  শ্রমিরা ন‍্যায‍্য মজুরির জন্য আন্দোলন করছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়িয়েছে। কিন্তু শ্রমিক আর বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন