স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সেখানে তিনি দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। ওই বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্তগুলোর একটি। কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড ও পুশইন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু বলা হয়নি।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সংকটের সমাধান কীভাবে হবে, সে বিষয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও প্রধানমন্ত্রী জাতিসংঘে তুলে ধরতে পারেননি।
আর/আই