আজই হরমুজ প্রণালি নিয়ে চুক্তির ঘোষণা আসতে পারে!
হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি লাভ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং একাধিক কূটনৈতিক সূত্রের দাবি অনুযায়ী, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চুক্তি ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে পক্ষগুলো।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক সূত্রগুলোর মতে, এখনো এক বা দুটি বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা বাকি রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এসব ইস্যু জটিল নয় এবং দ্রুত সমাধান সম্ভব।
আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোর জন্য কোন নৌপথ নির্ধারণ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। বর্তমানে নতুন নৌপথের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান বা সমন্বয় (জিওগ্রাফিক্যাল কো-অর্ডিনেটস) চূড়ান্ত করার কাজ চলছে।
এছাড়া নৌপথ থেকে মাইন অপসারণ (ডি-মাইনিং) এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আরোপিত সেবা ও নৌ-চার্জ নিয়েও আলোচনা হয়েছে। ইরানের দাবি, এসব কার্যক্রম তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হওয়া উচিত।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজকের মধ্যেই হরমুজ প্রণালি-সংক্রান্ত চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এমএ//