১৮ লাখ এসএসসি পরীক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
আগামী সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এর মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।
আর/আই