আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৭৭, নিখোঁজ ৮২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বন্যা ও কাদাধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৭৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে এ পর্যন্ত ৩ হাজার ৩১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর নিখোঁজের সংখ্যা বেড়ে ৮২৬ জনে পৌঁছেছে। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পর্যটক রয়েছেন। প্রাথমিক হিসাবে ৫২৯ জনের বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার তিব্বত সীমান্তবর্তী নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও কাদাধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল স্রোতে বেশ কয়েকটি গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্গম এলাকা ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন