নেপালে বন্যায় নিহত বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো ৮২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে ২৮৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৮ জন, নাওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুয়ায় ১৭, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুওয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জন রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৮২৬ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪, নেপাল পুলিশের ২৮ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।
এছাড়া নিখোঁজদের তালিকায় ৬৪৪ জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালের নাগরিক।
বুধবারের আকস্মিক বন্যায় রাসুয়াসহ নেপালের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ত্রিশূলী ও নারায়ণী নদীতে পানির প্রবল স্রোত দেখা দিলে বহু বসতবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
দুর্যোগকবলিত এলাকাগুলোতে নেপাল সরকারের বিভিন্ন সংস্থা ও নিরাপত্তা বাহিনী উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজও চলছে।
এমএ//