দ্বিতীয় দফা দুর্যোগের শঙ্কায় নেপাল সীমান্তে উদ্ধারকাজ স্থগিত চীনের
নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় নেপাল সীমান্তবর্তী গিরং এলাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ভয়াবহ বন্যায় তৈরি হওয়া একটি অস্থায়ী হ্রদের পানি গত ৪৮ ঘণ্টায় দ্রুত বাড়তে থাকায় নতুন দুর্যোগের ঝুঁকি তৈরি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পর তৈরি হওয়া হ্রদটির পানি এখন ক্রমাগত উপচে পড়ছে। এতে নতুন করে পানির ঢল ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নেপাল সীমান্তের কাছে ক্ষতিগ্রস্ত গিরং স্থলবন্দরে উদ্ধার অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সিসিটিভির এক প্রতিবেদক উদ্ধার কার্যক্রমের পরিস্থিতি তুলে ধরে বলেন, নতুন দুর্যোগের আশঙ্কায় আপাতত অভিযান বন্ধ রাখা ছাড়া উদ্ধারকারীদের সামনে আর কোনো বিকল্প নেই।
প্রতিবেদনে বলা হয়, হ্রদের পানি উপচে পড়া অব্যাহত থাকায় ফের বড় ধরনের পানির ঢল বা ভূমিধসের বাস্তব আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দুর্গত এলাকায় গিয়ে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালানো উদ্ধারকারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।
সিসিটিভি জানিয়েছে, অধিকাংশ উদ্ধারকারী বর্তমানে গিরং টাউনের লাওজিয়াং গ্রামের প্রবেশপথে অবস্থান করছেন। গ্রামটি চীন-নেপাল সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
এর আগে বুধবার নেপাল ও চীনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযান চলার মধ্যেই নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় দুর্গত এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এমএ//