রাজধানী

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ছবি: প্রতীকী

রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।   নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন।  তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে এ ঘটনা ঘটে।  তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে,  রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে বগুড়া থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন নিহত শিক্ষিকা।  আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি।  এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।  এতে রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়।  

ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসি ইবনে মিজান বলেন,  মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।  খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তারের বিষয়ে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এদিকে এ ঘটনায় নিহতের পরিবার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন