দেশজুড়ে

নারীকে মারধরের ভিডিও ভাইরাল, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছে পুলিশ

রাজবাড়ী শহরের বড় বাজারে পুলিশের উপ্পস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।  পরে উভয়পক্ষ থানায় গেলে বিষয়টি সমাধান হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজারে এ ঘটনা ঘটে।  রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ,  জাকিয়া সুলতানার আস্থা পোশাক শিল্পপ্রতিষ্ঠানে শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কাজ করতেন।  কর্মরত অবস্থায় জাকিয়া সুলতানার সঙ্গে বৃষ্টির বিরোধ হয়।  জাকিয়া তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কাজে বাধ্য করানোর মতো ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ আছে।  চাকরি ছাড়ার পরে একই কাপড় বাজারে নিজেই একটি দোকান দেন বৃষ্টি।

বিষয়টি জাকিয়া সুলতানা মেনে নিতে পারেননি। এ নিয়ে তিনি কাপড় বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলের কাছে বৃষ্টির দোকান বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেন।  তবে আজিজ মন্ডল এতে সম্মতি না দেওয়ায় জাকিয়া সুলতানার সঙ্গে তার বাগবিতণ্ডা হয় বলে দাবি সংশ্লিষ্টদের।

একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন বলে জানা গেছে।  পরে ওই ঘটনাকে হামলা ও হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবাদ করেন জাকিয়া  এরই ধারাবাহিকতায় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কাদেরিয়া মার্কেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাকে ধাওয়া করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিয়া সুলতানাকে নিরাপদে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

ঘটনার পর কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে জাকিয়া সুলতানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী সদর থানায় যান। পরে তারাও জাকিয়া সুলতানার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেন

অভিযোগ অস্বীকার করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সম্প্রতি আমার দোকানের কর্মচারী বৃষ্টি দোকানের হিসাব না দিয়ে অন্য দোকানে চলে যায়। বিষয়টি নিয়ে আমি রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ দায়ের করি। কিন্তু তারা আমার অভিযোগ আমলে না নিয়ে উল্টো আমাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন