ক্রিকেট

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল বলের ক্রিকেটে নতুন এক অধ্যায় রচনা করলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চলমান দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

এর মাধ্যমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচের প্রথম দিন থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হৃদয়। আগের দিনই ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার আজ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে তিনশত রানের মাইলফলক স্পর্শ করেন। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ব্যাটার হলেও, বিদেশের মাটিতে এটিই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড়ের ট্রিপল সেঞ্চুরির রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দলের ব্যাটিং লাইনআপ যখন শুরুতে বিপর্যয়ের মুখে পড়েছিল, তখন একপ্রান্ত আগলে রেখে পুরো ইনিংসের নেতৃত্ব দেন হৃদয়। ৪৫১ বল খেলে ব্যক্তিগত ৩০০ রানের কোটা পূর্ণ করেন তিনি। চতুর্থ দিন সকালে টেলএন্ডার ব্যাটারদের সাথে নিয়ে দলের ইনিংসকে আরও সমৃদ্ধ করেন এই তরুণ ব্যাটার।

এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে ৫১২ রান সংগ্রহ করে। দলের সেই পাহাড়সম রানের জবাবে হৃদয়ের এই দায়িত্বশীল ইনিংসটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৬৫২ রান, যার সুবাদে দল পেয়েছে ১৪০ রানের গুরুত্বপূর্ণ লিড। ৩২৮ রান নিয়ে হৃদয় এবং ৩০ রান নিয়ে রাজা অপরাজিত থেকে মাঠের লড়াই চালিয়ে যাচ্ছেন।

 

আর/আই   

 

এ সম্পর্কিত আরও পড়ুন