অর্থনীতি

আজ থেকে ব্রোঞ্জের বালা-চুড়ি বিক্রি নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ব্রোঞ্জের বালা ও চুড়ি বিক্রির মাধ্যমে ক্রেতাদের প্রতারণা ঠেকাতে এগুলোর বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে থাকা এসব বালা-চুড়ি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ব্রোঞ্জের চুড়ি ও বালা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাজারে ব্রোঞ্জের বালা ও চুড়ির নামে প্রতারণামূলক ব্যবসা চলছে। এসব অলংকারে ঠিক কতটুকু স্বর্ণ রয়েছে, তা বিক্রির সময় নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব নয়। অথচ ক্রেতাদের কাছে ২, ৩ বা ৪ আনা স্বর্ণের বালা-চুড়ি হিসেবে এগুলো বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি দেশের জুয়েলারি ব্যবসার সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্রেতাদের স্বার্থ সুরক্ষা এবং জুয়েলারি শিল্পের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর বাজুসের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ব্রোঞ্জের বালা ও চুড়ি বিক্রি করা যাবে না। পাশাপাশি জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে থাকা এসব পণ্য অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজুস জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর কোনো জুয়েলারি প্রতিষ্ঠানে ব্রোঞ্জের বালা বা চুড়ি বিক্রি করতে দেখা গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন