বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৫
পঞ্চগড় জেলা শহরে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন রাত ১১টার দিকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নওশাদ জমিরের সমর্থকেরা একটি মিছিল বের করলে সংঘাতের সূচনা হয়। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে ফরহাদ হোসেন আজাদের অনুসারীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাধে। এ সময় লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন, রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)।
এর আগে রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। সকালের সেই বাকবিতণ্ডার জের ধরেই রাতে দুপক্ষের মধ্যে এই সংঘাতের রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর/আই