আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা
চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় অনেক বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
প্রতিমন্ত্রী জানান, অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে সংযুক্ত আরব আমিরাত এসব ভিসা বাতিল করছে। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে দেশটির সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, বাতিল হওয়া বাংলাদেশিদের ভিসার সংখ্যা এখন প্রায় ৪ হাজার ৮০০। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা বাতিলের কারণ জানতে চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের বিষয়টি আবারও যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীরা জানান, গত জুলাই থেকে অনেকের ভিসা কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইল, কারও মোবাইল ফোনে আবার কারও কফিলের কাছে এ বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে। ছুটিতে দেশে আসার পর ভিসা বাতিলের খবর পাওয়ায় অনেকেই আর আমিরাতে ফিরতে পারছেন না।
প্রবাসীদের অনেকের দাবি, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারসংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে তাদের ব্যবসা ও পরিবার রয়েছে। তারপরও হঠাৎ ভিসা বাতিল হওয়ায় দেশে ফিরে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমিরাতে ফিরতে না পারলে ব্যবসা, কর্মসংস্থান ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন তারা।
এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সংকট সমাধানে সরকারের কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী মনে করেন, ভিসা বাতিলের এই পরিস্থিতির সঙ্গে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিরও যোগসূত্র থাকতে পারে। আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশিদের যোগাযোগ ও অভিজ্ঞতাকেও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে স্বয়ংক্রিয়ভাবে যাদের ভিসা বাতিল হচ্ছে, তাদের প্রয়োজনীয় তথ্য আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইল ঠিকানায় জানানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।