উপনির্বাচনেও সেনা মোতায়েনের সিদ্ধান্ত, জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন
জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসির এই সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ নির্বাচনের মতো আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে সভায় অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে নির্বাচন শুরুর সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। কমিশন আরও আলোচনা করে তারিখ ঘোষণা করবে।
নির্বাচন নভেম্বর থেকে শুরু হবে কি না- এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষা শুরু হবে। এই ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।
তিনি আরও বলেন, আন্তমন্ত্রণালয় সভা থেকে পাওয়া তথ্য ও উপাত্ত কমিশনের পরবর্তী সভায় পর্যালোচনা করা হবে। এরপর নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সময়সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
এসি//