খেলাধুলা

দ. কোরিয়ার কাছে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

পরাজয় দিয়েই এশিয়ান গেমস হকিতে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। 'পুল-এ'-তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়ে পোস্ট অক্ষত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারেই খেই হারিয়ে ফেলে দলটি।

মাত্র এক মিনিটের ব্যবধানে বায়ে সং মিন ও ওহ সেওং গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন। এরপর এই কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন লক্ষ্যভেদ করলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। পরবর্তীতে চতুর্থ ও শেষ কোয়ার্টারে সিম জায়েওনের ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়ার ৫-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত হয়।

আগামী  ২২ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, ‘পুল-এ’-তে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ছাড়া অন্য দলগুলো হলো ভারত, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন