২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৮৪ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২, বরিশালে ১৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, চট্টগ্রামে ১৬৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫, রাজশাহীতে ১৩৭ এবং সিলেটে নয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৫৯৩ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৬ জন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৪১ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৮৭ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৬১০ জন।
এমএ//