প্রথমবার মঞ্চে উঠেই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এড শিরান
ম্যাকলমোরকে কনসার্ট সফর থেকে বাদ দেওয়াকে ঘিরে বিতর্কের পর প্রথমবারের মতো মঞ্চে উঠেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্ট শুরুর আগে ভক্তদের উদ্দেশে কথা বলতে গিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষমা চান তিনি। শিরান বলেন, কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি ‘ভুলও করেছেন’।
রোববার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর ম্যাকলমোরকে এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া হয়। তবে শিরানের দাবি, ম্যাকলমোরকে সরানোর সিদ্ধান্ত তার নয়, সফরের আয়োজকেরা নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সফরের সঙ্গে যুক্ত অন্য কয়েকজন উদ্বোধনী শিল্পীও সরে দাঁড়ান।
ফিলাডেলফিয়ার মঞ্চে শিরান বলেন, নিজেকে কখনো রাজনৈতিক কর্মী হিসেবে দেখেননি তিনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে প্রকাশ্যে কথা বলার পরিস্থিতিতে ফেলেছে।
ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন শিরান। একইসঙ্গে গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর, অন্যায্য ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে বর্ণনা করেন তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শিরান বলেন, এতদিন ক্যারিয়ারে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল গান ও কনসার্টের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যের জায়গা তৈরি করা। তবে বর্তমান মানবিক সংকট তাকে নীরব থাকতে দিচ্ছে না।
গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান শিরান। ভুক্তভোগীদের সহায়তায় কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, তা নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে আরও জানার এবং অন্যদের কথা শোনার প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন।
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই গায়ক। তিনি জানান, তার কনসার্ট এমন একটি জায়গা হিসেবেই থাকবে, যেখানে সবাই স্বাগত এবং ভিন্নমতের মানুষও পাশাপাশি থাকতে পারবেন।
শিরান জানান, সাম্প্রতিক বিতর্কের কারণে একপর্যায়ে সফর চালিয়ে যাওয়া কিংবা সংগীতশিল্পী হিসেবে কাজ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ভক্তদের প্রতি নিজের দায়বদ্ধতার কারণেই আবার মঞ্চে ফিরেছেন বলে জানান তিনি।
এসময় কোনো শিল্পী মঞ্চে উঠবে কিনা, বা মঞ্চে বক্তব্য দেবে কিনা এই সিদ্ধান্ত কনসার্টের আয়োজক বা ভেন্যু কর্তৃপক্ষ নেবে—এমন ধারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেরেন।
এমএ//