হাসপাতালে স্ত্রী-নবজাতক, ব্যয় মেটাতে না পেরে যুবকের আত্মহত্যা
নিজ বাড়ির শয়নকক্ষ থেকে আবদুল হালিম (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি স্ত্রী-সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে হালিম আত্মহত্যা করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, হালিমের তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তিন দিন আগে তার স্ত্রী ছাগলনাইয়ার একটি প্রাইভেট হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক ও স্ত্রীকে হাসপাতালে রেখে গতকাল রাতে বাড়িতে ফেরেন হালিম। সোমবার সকালে হালিমের বাবা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে শয়নকক্ষে খোঁজ করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দমদমার ওপর দিয়ে কক্ষে প্রবেশ করে ছেলেকে বাঁশের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আবদুর রউফ বলেন, ‘আমার ভাই স্ত্রী-সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে আনা এবং চিকিৎসার খরচ নিয়ে আর্থিক সংকটে ছিলেন। এসব নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তার এমন মৃত্যু কেউ মানতে পারছে না’।
ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, আর্থিক সংকটের কারণে স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে আনতে না পারাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই যুবক দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে। এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আই/এ