ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেটির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
পুলিশের কাছে শাহানা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি লেকে গিয়ে মারা গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//