হরমুজ খুলতে ইরানের ৭ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার শর্তে ইরানের দেওয়া সাত দিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছিল তেহরান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে, তবে তিনি সেটি গ্রহণ করেননি।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করবে কি না—এ বিষয়ে সন্দিহান ট্রাম্প। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও দাবি করা হয়, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার সম্ভাবনা নিয়ে সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
এদিকে শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে প্রণালিটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ লেখা হয়।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে ইরান সাত দিনের ওই প্রস্তাব দেয়। এতে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কথা বলা হয়। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে তৈরি চাপ কিছুটা কমতে পারত।
এর বিনিময়ে ইরান মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি জব্দ করা ইরানি সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির দাবি জানায়। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা বন্ধে ট্রাম্পের উদ্যোগ নেওয়ার বিষয়টিও প্রস্তাবের অংশ ছিল।
ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানানোর পর শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা কমে গেছে।
এমএ//