একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে গতকাল রোববার। এই ধাপে আবেদন করা শিক্ষার্থীদের নির্বাচনের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়।
যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এর আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে। একইভাবে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিশ্চয়ন করতে না পারা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এই ধাপে আবেদন করতে পারবে।
এ ছাড়া ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তাদের জন্যও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে পছন্দক্রম দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করা যাবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজে ভর্তির নিশ্চয়ন করা যাবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফা মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর রাত ৮টায়।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
এসি//