আন্তর্জাতিক

স্ত্রীর শিলনোড়ার পিটুনিতে ইউটিউব সাংবাদিকের মৃত্যু

সংসারে বিবাদ, আর তাতেই ঘটল ভয়াবহ পরিণতি। শিলনোড়া দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভারতের তেলেঙ্গানায় নিজ বাড়িতে খুন হয়েছেন ৪৫ বছর বয়সী ইউটিউব সাংবাদিক বৈদ্য মোহন। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল শহরে এ ঘটনা ঘটে। নিহত মোহনের স্ত্রী জামুনা, বয়স ৪০ বছর, এবং তাদের ১৭ বছর বয়সী মেয়ে সিন্ধু ঘটনার সময় বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে মোহন ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে শিলনোড়া দিয়ে মোহনের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। এতে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

রামাগুন্ডাম পুলিশ কমিশনার অম্বর কিশোর ঝা জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার সঠিক কারণ এবং ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশের একাধিক দল বাড়িটিতে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেছে। হামলার আগে পরিবারের সদস্যদের মধ্যে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্য এবং ঘটনার বিষয়ে তথ্য থাকতে পারে এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, মোহন ও জামুনার প্রায় ২০ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের মেয়ে সিন্ধুর বয়স ১৭ বছর।

মোহন একটি ইউটিউব সংবাদ চ্যানেলের প্রতিবেদক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। স্ত্রীকে আটক করা হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন। ঘটনার প্রকৃত কারণ ও দায় তদন্ত এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন