দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবেই পরিচালিত হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর নির্মাণের দাবি ছিল। সেই উদ্যোগ এবার বাস্তবায়নের পথে। গণপূর্ত মন্ত্রণালয় আনসার সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর, অর্থাৎ প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে।
বর্তমানে খিলগাঁওয়ের সীমিত পরিসরের জায়গা থেকে আনসার সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জায়গার সংকট ও যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতে তেজগাঁওয়ে আধুনিক ও বড় পরিসরের অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে রয়েছে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার বাহিনী দেশের সবচেয়ে বড় বাহিনী বলেও উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকটের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সমস্যা সমাধানে ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত আবাসন সুবিধা তৈরি করা হচ্ছে। সেখানে ডরমিটরি ও ব্যারাক নির্মাণের মাধ্যমে সদস্যদের থাকার ব্যবস্থা বাড়ানো হবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর সদস্যদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবিগুলো পূরণে সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।
বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে না; বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলাও করা হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তিকে দেশে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হবে না।
ঢাকার যানজট প্রসঙ্গে তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে।
এ ছাড়া সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো সড়ক একসঙ্গে না কেটে ধাপে ধাপে কাজ শেষ করতে হবে এবং কাজ শেষ হওয়ার পর দ্রুত সড়ক পুনর্নির্মাণ করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসি//