দেশজুড়ে

ছেলেকে মারধরের সন্দেহে অন্য শিক্ষার্থীকে আছাড়, অভিভাবক আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক নাহিদ শেখ (৩৫) উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার ওই শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে সন্দেহ করে বৃহস্পতিবার বিদ্যালয়ে যান তার বাবা নাহিদ শেখ।

পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে ফেলেন। একপর্যায়ে শ্রেণিকক্ষের ভেতর হাবিবকে তিনবার আছাড় দেন তিনি। এ সময় ভয়ে শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ছুটে আসেন।

পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে নিজের কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনার একটি দৃশ্য বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে সমাধানের চেষ্টা না করে একজন অভিভাবক শ্রেণিকক্ষে ঢুকে অন্য শিক্ষার্থীকে মারধর করেছেন। এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন