আন্তর্জাতিক

ইসরাইলের সব ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই

মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনার পর ইসরাইলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে দুই পাইলটের সংঘর্ষের পর ১৭৪ যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বুধবারের ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত চলাকালে ইসরাইল থেকে এবং ইসরাইলের উদ্দেশে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে। যাত্রী, ক্রু এবং উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, তদন্তের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। হঠাৎ ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। একই সঙ্গে দ্রুত বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার সকালে ১৭৪ যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে উড্ডয়ন করে বোয়িং উড়োজাহাজটি। আকাশে থাকা অবস্থায় ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উড়োজাহাজের অন্য ক্রুরা ককপিটের নিয়ন্ত্রণ নেন। পরে উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে অবস্থিত প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

তাবুক বিমানবন্দর কর্মকর্তারা জানান, সংঘর্ষে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। উড়োজাহাজ অবতরণের পর তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজের সব যাত্রী ও অন্যান্য কেবিন ক্রু নিরাপদ ছিলেন।

সৌদি আরবের জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে কি না এবং মাঝআকাশে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কারণ কী, তা জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।

এদিকে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে ফ্লাইদুবাই একটি বিকল্প উড়োজাহাজ পাঠালে যাত্রীরা সেটিতে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন