দেশজুড়ে

জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ

সিরাজগঞ্জে চিংড়ির ওজন বাড়িয়ে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির জন্য জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়। এসব চিংড়ির বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর ও রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের যৌথভাবে পরিচালিত অভিযানে এসব চিংড়ি জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চিংড়ির ওজন কৃত্রিমভাবে বাড়িয়ে অধিক লাভের আশায় মাছের ভেতরে জেলি প্রবেশ করানো হয়েছিল। এভাবে বিক্রি করা হলে ক্রেতারা প্রকৃত ওজনের তুলনায় বেশি দাম দিয়ে প্রতারিত হন। পাশাপাশি মাছের গুণগত মান ও নিরাপদ খাদ্য গ্রহণ নিয়েও উদ্বেগ তৈরি হয়।

অভিযানে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের চিংড়ি কুতুবের চর মৎস্য আড়ত থেকে  জব্দের পর সেগুলো বাজারে বিক্রি ঠেকাতে ধ্বংস করা হয়। মাছের বাজারে এ ধরনের অনিয়ম বন্ধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন