প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ ডেসকোর
শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও প্রকাশ করেছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রি-পেইড মিটারের গ্রাহকদের আগেই পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।
এসি//