ধান চাষের সুবাদে প্রেম, বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন
প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রতিশ্রুতি, এরপর সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রেমিকের বাড়িতে অনশন। শেষ পর্যন্ত সেখানে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ সন্তানের এক জননী। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলীতে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে বেলাল গাজী নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই নারী। পরে বেলালের স্ত্রীর বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ ওঠে।
জানা গেছে, ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। পরে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ে করেন। ওই সংসারে আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে পাঁচ সন্তানের জননী তিনি।
গত বছর জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন একই এলাকার বেলাল গাজী। এ কারণে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সূত্রেই জয়নালের স্ত্রীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বেলাল।
অনশনরত ওই নারী বলেন, বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় তার বাড়িতে অনশনে বসি। সন্ধ্যার পরে বেলাল গাজীর স্ত্রী আমেনা ও প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন মিলে আমাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে তালতলী হাসপাতালে এনে ভর্তি করেন। বেলাল যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি বিষপানে আত্মহত্যা করব।
মারধরের পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এসি//