আইন-বিচার

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

আগামী ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান কৌঁসুলি জানান, এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তার কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংশ্লিষ্ট কিছু নথি ও ভিডিও উপস্থাপন করেন তিনি। পরে তার জবানবন্দি শেষে জেরা করেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা। অভিযোগ অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে জিয়াউল আহসান সরাসরি উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও একই সময়কালে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, তথাকথিত বনদস্যু দমনের নামে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন