আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এমন তথ্য উঠে এসেছে এক জরিপে। একই সঙ্গে ভোট দিতে আগ্রহী ভোটারের হার ৯০ শতাংশেরও বেশি বলে জানানো হয়েছে।
কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের যৌথ উদ্যোগে এই জরিপটি পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনের মোট ১১ হাজার ৩৮ জন ভোটার অংশ নেন।
জরিপ অনুযায়ী, ভোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্নীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন ৬৭.৩ শতাংশ ভোটার। পাশাপাশি ধর্ম, দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও নিরাপত্তাও ভোটের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাবক হিসেবে উঠে এসেছে।
এছাড়া জরিপে দেখা যায়, প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের একটি বড় অংশ জামায়াত ও বিএনপির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। জরিপকারীদের মতে, ভোটাররা এখন ব্যক্তিগত যোগ্যতার চেয়ে জনদরদি মনোভাব ও শক্ত নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের দিন নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না গেলে সিদ্ধান্তহীন ভোটারদের একটি বড় অংশ ভোটকেন্দ্রে নাও যেতে পারে। তাই ভোটার উপস্থিতি বাড়াতে অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজনই প্রধান শর্ত।
এআর/এমএ//