আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেকের পর ২৩৪টি ম্যাচ খেলেছেন সিআর-সেভেন। গোল করেছেন ১৪৬টি। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা ও গোলের সংখ্যায় দুটিতেই বিশ্ব রেকর্ড তার দখলে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
গেল মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে খেলাতে অস্বীকৃতি জানান কোচ। এর পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই তারকা। ওই ঘটনার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘পর্তুগালের মানুষদের বলছি, জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে গায়ে জড়িয়ে মাঠে নামার সৌভাগ্য আমার হয়েছে।’
অবসরের সিদ্ধান্তের বিষয়ে রোনালদো বলেন, এবার জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে। ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা তার জীবন বদলে দিয়েছে, এবার তার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এমএ//