আইন-বিচার

নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী আফরোজা খানমের

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (০৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, গেল ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে তার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্বসংক্রান্ত অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। জমা দেওয়া নথিপত্র ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য পর্যালোচনা করে অভিযোগগুলো ভিত্তিহীন বলে নিশ্চিত হয় আপিল কর্তৃপক্ষ। এরপর আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

গেল ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল করে আফরোজা খানমের প্রার্থিতা বাতিলের আবেদন জানান।

উল্লেখ্য, গেল ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #মানিকগঞ্জ-৩ #আফরোজা খানম