সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ ঘটনায় কলেজজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, আগামী ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির প্রচারণায় সোমবার দুপুর ২টার দিকে কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের ব্যানার লাগানো হয়। এ সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। ব্যানার লাগিয়েই তাঁরা দ্রুত সেখান থেকে সরে পড়েন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন এবং তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অধ্যক্ষ নিজ কক্ষেই অবরুদ্ধ ছিলেন।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা বায়ান্ন টিভিকে বলেন, কলেজে পরীক্ষা থাকায় তাঁরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। তাঁর দাবি, অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগের ঘনিষ্ঠতা রয়েছে। অধ্যক্ষের উপস্থিতিতে কলেজের প্রধান ফটকে কীভাবে ছাত্রলীগের ব্যানার লাগানো হলো, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। এ কারণে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।
তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির নির্দেশনা এবং রাত হয়ে যাওয়ায় তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেছেন। পরদিন সকালে এ বিষয়ে পরবর্তী পরিস্থিতি দেখা হবে।
অন্যদিকে, ছাত্রলীগের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসান। তাঁর ভাষ্য, অধ্যক্ষ হওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানে ১০ বছর শিক্ষকতা করেছেন। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হয়রানির শিকার হয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। ফলে ছাত্রলীগের সঙ্গে তাঁর সম্পর্ক থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সময় কলেজে পরীক্ষা চলছিল এবং তিনি নিজ দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বায়ান্ন টিভিকে জানান, কলেজের ফটকে ছাত্রলীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আই/এ