দেশজুড়ে

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ডের পাশে  মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী  সোমাইয়া আক্তার (১৭) নিহত হয়েছে। নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেনের মেয়ে।  

সোমবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজের উদ্দেশে রওনা হয় সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে সোমাইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন থেকে চারজন যাত্রী আহত হয়েছেন।

ওসি রাজীব কান্তি নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া