জাতীয়

সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশের ভোটগ্রহণ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি দেশজুড়ে ভোটের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এর আগে সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। ভোটদান শেষে তিনি রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত হওয়ায় ওই আসন বাদ দিয়ে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হচ্ছে।

সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. মুহাম্মদ ইউনূস #গণভোট #নির্বাচন #পর্যবেক্ষণ #সরাসরি