রাজনীতি

জামানত হারিয়েছেন নাগরিক ঐক্যের মান্না

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে সমালোচিত হলেও শেষ পর্যন্ত জামানত হারান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে তিনি কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, বগুড়া-২ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ, অর্থাৎ ৩০ হাজার ৪৭৬ ভোট প্রাপ্তি প্রয়োজন।

তথ্য অনুযায়ী, মাহমুদুর রহমান মান্না মোট বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ পেয়েছেন। এতে তার জামানত বাতিল হয়ে গেছে এবং বগুড়া-২ আসনে তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল যে, এই আসনটি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি জোটের হিসেবে না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়।

আসনটি না ছাড়ায় মান্না নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এই আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। আসনটিতে মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় এবং শেষ মুহূর্তে সমঝোতা না হওয়ায় ভোটের মাঠে মাহমুদুর রহমান মান্না তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। যার প্রতিফলন ঘটেছে ফলাফলে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহমুদুর রহমান মান্না #নির্বাচন #জামানত