দেশজুড়ে edit this post

চাঁদা না দিলে মাদ্রাসার অধ্যক্ষকে হত্যার হুমকি

চট্টগ্রামের রাউজান উপজেলায়  চাঁদা না দিলে মাদ্রাসার এক অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী জীবনের নিরাপত্তা চেয়ে রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাউজান থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেন চাঁদার ইলিয়াস নূরী।  আজ (১৩ নভেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী অধ্যক্ষ ইলয়াস নূরী বলেন,রাউজানের শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গতকাল দুপুরে তার মোবাইলে ফোন করে বলা হয় ‘‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাবো গুলি করে মেরে ফেলবো’’।

এ সময় তিনি বলেন, ‘আমি কোনও পয়সাওয়ালা ব্যক্তি নই, মাদ্রাসায় চাকরি করি’’।  অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমার টাকা-পয়সা আছে কি নেই, তা সে জানে। তাদের টাকা দিতেই হবে।’

তিনি আরও বলেন,  ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে। দেখেছেন তো, কত মানুষ আমরা মেরে ফেলেছি। আপনাকেও গুলি করে মেরে ফেলবো। কসম করে বললাম, মেরে ফেলবো’’।

অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। এ ছাড়া তিনি রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছিলেন। ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এক লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাদ্রাসার অধ্যক্ষ #চাঁদা